ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্কুলে যাওয়ার সময় ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুই যুবকের বিরুদ্ধে।

সোমবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর বাবা-মা ও স্বজনরা জানান, সোমবার সকাল ১০টার দিকে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার সময় ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের সামসপাড়া এলাকার দুই যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয়। এরপর পাশের ফুটানী বাজার এলাকার অজ্ঞাত স্থানে নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে। পরে বিকেলে স্থানীয় ‘ইক্ষু সেন্টারের’ পাশে ওই শিশুকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। বিকেলে শিশুটিকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন পথচারীরা। খবর পেয়ে বাবা-মা মেয়েটিকে উদ্ধার করে সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার (এমও) ডা. ফাহাদ আল আসাদ জানান, সন্ধ্যা ৬টার দিকে মেয়েটিকে এখানে নিয়ে আসা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষাসহ উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বিষয়টি জানার পর গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা হবে।

স্কুল,৬ষ্ঠ শ্রেণির ছাত্রী,ধর্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত