অনলাইন সংস্করণ
১৩:১০, ০৬ মার্চ, ২০২৬
মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে কেজিপ্রতি ১৭০–১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার এখন ২৩০ টাকায় পৌঁছেছে। হঠাৎ এ দাম বৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের ওপর নতুন চাপ তৈরি হয়েছে।
নিউমার্কেটসহ আশপাশের খুচরা বাজারগুলোতে দেখা গেছে, ব্রয়লারের পাশাপাশি অন্যান্য জাতের মুরগিও চড়া দামে বিক্রি হচ্ছে।
কক মুরগি কেজিপ্রতি প্রায় ৩৫০ টাকা, লেয়ার ৩৬০ এবং দেশি মুরগি ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বৃদ্ধি দাম বৃদ্ধির মূল কারণ। বিশেষ করে আসন্ন রমজানকে কেন্দ্র করে বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় দাম আরও প্রভাবিত হয়েছে।
নিউমার্কেটের এক বিক্রেতা জানান, ‘কয়েক দিনের ব্যবধানে পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে, তাই খুচরায়ও দাম বেড়েছে।’ আরেক বিক্রেতা বলেন, ‘রমজান সামনে রেখে অনেক খামারি আগেই মুরগি বিক্রি করেছেন, তাই সরবরাহ কমে দাম বেড়েছে।’
হঠাৎ দাম বৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আমিনুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহে ১৮০ টাকার মুরগি এখন ২৩০ টাকায় কিনতে হচ্ছে, সংসারের খরচ বেড়ে যাচ্ছে।’ এক নারী ক্রেতা জানান, ‘মাছ-মাংস সবকিছুর দাম বেড়ে সাধারণ মানুষের জন্য বোঝা বেড়েছে।’
মাছের বাজারেও দাম বৃদ্ধি লক্ষ্য করা গেছে। পাঙাশ ১৮০–২২০, তেলাপিয়া ২০০–২২০ এবং রুই ৩৫০–৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় নদীর মাছ এবং ছোট মাছের দাম আরও বেশি। সবজির দামে সামান্য বৃদ্ধি দেখা গেছে; বেগুন ৬০–৮০, করলা ৮০–১০০, ঢেঁড়স ও পটল ৬০–৭০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, শীতকাল শেষ হওয়ায় সরবরাহ কমেছে, তাই দাম কিছুটা বেড়েছে।