ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমালো বাজুস

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমালো বাজুস

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে দুই হাজার টাকার বেশি কমানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১২ মার্চ) প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল। এর একদিন পর আবারও দাম সমন্বয় করা হলো।

বাজুস জানিয়েছে, বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৭ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। ফলে প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ১৫৯ টাকা।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৫ টাকা, যা আগে ছিল ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা।

শুক্রবার (১৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় নতুন করে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ওই সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়, যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম প্রতি গ্রাম ২২ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম প্রতি গ্রাম ২১ হাজার ৬৮০ টাকা। ১৮ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ১৮ হাজার ৫৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৫ হাজার ১৭০ টাকা।

বাজুস আরও জানিয়েছে, নতুন কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

এছাড়া স্বর্ণ ও রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিতে জুয়েলারি ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কমালো বাজুস,স্বর্ণের দাম,দেশের বাজারে ফের
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত