অনলাইন সংস্করণ
১০:৪৬, ১৯ মার্চ, ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় ধরনের সমন্বয় এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি (১১.৬৬৪ গ্রাম) প্রতি ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ৪৩ হাজার ২০ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৩২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকায় বিক্রি হবে।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।