
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার মন্তব্যের পর পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। এতে তেলের দাম ব্যাপকভাবে কমে গেলেও, চার মাসের সর্বনিম্ন স্তর থেকে ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণ।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, সোমবার (২৩ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭০ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়। তবে দিনের শুরুতে তা ৮ শতাংশের বেশি কমে ৪,০৯৭.৯৯ ডলারে নেমে যায়, যা সাম্প্রতিক সময়ের সর্বনিম্ন। এর আগে গত সপ্তাহে স্বর্ণ দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে খারাপ সাপ্তাহিক পারফরম্যান্স দেখেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ২ দশমিক ২ শতাংশ কমে চার হাজার ৪৭১.৬০ ডলারে নেমে আসে। বাজার বিশ্লেষকদের মতে, উচ্চ সুদের হারের আশঙ্কা এবং তারল্য সংকটের প্রভাবেই এই বড় দরপতন দেখা গেছে।
এ বিষয়ে হাই রিজ ফিউচারসের মেটালস ট্রেডিং বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, সাম্প্রতিক কয়েক সেশন ধরে দীর্ঘমেয়াদি তারল্য সংকটের প্রভাব দেখা যাচ্ছে, আর রাতারাতি এই বড় দরপতন তারই ধারাবাহিকতা। এর মূল কারণ ছিল সুদের হার বাড়ার প্রত্যাশা।
আবা/এসআর/২৬