অনলাইন সংস্করণ
১৮:০৩, ০৪ এপ্রিল, ২০২৬
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকের লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বর্তমানে ব্যাংকে লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিল।
নির্দেশনায় বলা হয়, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর (পোর্ট ও কাস্টমস) এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার আগের নির্দেশনা বহাল থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি সব অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) থেকে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখা এবং বিয়ে বাড়িতে আলোকসজ্জা সীমিত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।