অনলাইন সংস্করণ
১৯:১৭, ০৬ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও সংকটের মধ্যেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে আরও চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজগুলো ইতোমধ্যে বন্দরে নোঙর করেছে এবং বর্তমানে সেগুলো থেকে পণ্য খালাসের প্রক্রিয়া চলছে।
সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বন্দর সূত্র জানায়, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে এসব জ্বালানি পণ্যবাহী জাহাজ গত কয়েক দিনে বন্দরে ভিড়েছে।
এর মধ্যে ‘গ্যাস চ্যালেঞ্জার’ নামের এলপিজিবাহী জাহাজটি ভারত থেকে এলপিজি নিয়ে গত ৩১ মার্চ বন্দরে পৌঁছায় এবং বর্তমানে ভাটিয়ারি এলাকায় অবস্থান করছে। মালয়েশিয়া থেকে গ্যাসঅয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি ৩ এপ্রিল বন্দরে আসে এবং এখন ডিওজে-৬ জেটিতে অবস্থান করছে; আগামী ৭ এপ্রিলের মধ্যে এর পণ্য খালাস শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ জাহাজটি ৫ এপ্রিল বন্দরে পৌঁছেছে। এটি বর্তমানে এফএসআরইউ-তে অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে এর কার্যক্রম শেষ হওয়ার আশা করা হচ্ছে।
একই দিনে চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ জাহাজটিও বন্দরে ভিড়েছে। জাহাজটি এখন চার্লি এলাকায় অবস্থান করছে এবং ৮ এপ্রিলের মধ্যে এর খালাস কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এসব জাহাজ থেকে দ্রুত পণ্য খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
নির্ধারিত সময়ের মধ্যেই সব জাহাজের খালাস কার্যক্রম শেষ হবে বলে আশা করা হচ্ছে, যা দেশের জ্বালানি সংকট কিছুটা লাঘব করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।