অনলাইন সংস্করণ
১৫:৩৪, ১৭ এপ্রিল, ২০২৬
রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড় আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। একই দিনে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত বাংলাদেশকে জানায়।
এর আগে, গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য লেনদেনে ৩০ দিনের জন্য ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয় ১১ এপ্রিল।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ওই অঞ্চল থেকে জ্বালানি তেল আমদানিতে অনিশ্চয়তা দেখা দিলে বিকল্প হিসেবে রাশিয়া থেকে তেল আমদানির উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। তবে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় এ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়।
এ কারণে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়ে চিঠি দেয়।
এদিকে, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন ১৫ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাশিয়া থেকে জ্বালানি তেল সহায়তার বিষয়টি গুরুত্ব পায়।
এর আগে, ৩১ মার্চ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট-এর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক হয়। সেখানে চলমান সংকটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তার আশ্বাস দেয় যুক্তরাষ্ট্র।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে চাপের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করা হয়।
এছাড়া, রাশিয়ার অপরিশোধিত তেল তৃতীয় দেশে পরিশোধনের পর আমদানির বিকল্প ব্যবস্থার বিষয়েও আলোচনায় উঠে আসে।