ঢাকা শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

স্থবির অর্থনীতি চাঙ্গায় বিশেষ উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

স্থবির অর্থনীতি চাঙ্গায় বিশেষ উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (২৩ মে) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

গভর্নর জানান, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করতে এই সহায়তা প্যাকেজ নেওয়া হয়েছে। ঘোষিত প্যাকেজের মধ্যে ৪১ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল হিসেবে ব্যবহার করা হবে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে আরও ১৯ হাজার কোটি টাকা সরবরাহ করা হবে।

তিনি বলেন, বিশ্ববাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং টাকার অবমূল্যায়নের কারণে ব্যবসা পরিচালনায় চাপ বেড়েছে। শিল্প ও ব্যবসা টিকিয়ে রাখতেই কেন্দ্রীয় ব্যাংক এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

গভর্নর আরও জানান, নতুন করে অতিরিক্ত টাকা ছাপানো হবে না। ব্যাংকিং ব্যবস্থায় বিদ্যমান অর্থ থেকেই ব্যবসায়ীদের ঋণ দেওয়া হবে। ব্যাংকগুলো যাচাই-বাছাইয়ের মাধ্যমে ঋণ বিতরণ করবে এবং যাতে ঋণ খেলাপি না হয় সে বিষয়েও নজর রাখা হবে।

তিনি বলেন, সরকারের অনুমোদন নিয়ে বাংলাদেশ ব্যাংক নিজেদের তহবিল থেকে ১৯ হাজার কোটি টাকার সংস্থান করবে। এর মাধ্যমে উৎপাদন, কর্মসংস্থান ও শিল্পখাতে গতি ফিরিয়ে এনে স্থবির অর্থনীতিকে সচল করার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক,বিশেষ উদ্যোগ,স্থবির অর্থনীতি চাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত