ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

ডলারের মূল্য কিছুটা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং বিভিন্ন দেশের মুদ্রানীতির সম্ভাব্য প্রভাব নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এখনও সতর্কতা রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ১০৬ দশমিক ৮২ ডলারে পৌঁছায়।

একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১১৬ দশমিক ৪০ ডলারে লেনদেন হয়।

বার্তা সংস্থা রয়টার্সকে ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, ডলারের শক্তি কিছুটা কমে আসায় স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তবে দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ অবস্থানে থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা কমতে পারে এবং দাম আবারও চাপের মুখে পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসি ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় মূল্য পূর্বাভাস প্রতি আউন্স ৪ হাজার ৮৬৪ ডলার থেকে কমিয়ে ৪ হাজার ৫৬০ ডলার নির্ধারণ করেছে। একই সঙ্গে ২০২৭ সালের পূর্বাভাসও ৫ হাজার ডলার থেকে কমিয়ে ৪ হাজার ৯২৫ ডলারে নামিয়েছে। তবে বছরের শেষভাগে কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের চাহিদা বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। এদিন রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৯ দশমিক ১৪ ডলারে পৌঁছেছে। প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১৮ দশমিক ২৯ ডলারে। আর প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২৪৭ দশমিক ৩৭ ডলারে লেনদেন হচ্ছে।

দেশের বাজারে স্বর্ণের দাম---

আজ নতুন দাম নির্ধারণ হয়েছে দেশের বাজারেও। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৪৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজার,বাড়লো,স্বর্ণ,দাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত