ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

৪৭৪ কোটি টাকার বীজ প্রকল্পে মজুত ও মান নিয়ে প্রশ্ন, স্বচ্ছতার দাবি

৪৭৪ কোটি টাকার বীজ প্রকল্পে মজুত ও মান নিয়ে প্রশ্ন, স্বচ্ছতার দাবি

কৃষকের কাছে মানসম্মত বীজ পৌঁছে দিতে ৪৭৪ কোটি ৬৮ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। তবে প্রকল্পের আওতায় আমদানি করা হাইব্রিড ভুট্টাবীজের মজুত, গুণগত মান ও সংরক্ষণব্যবস্থা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে।

এসব অভিযোগের মধ্যে প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. হুমায়ুন কবিরের ভূমিকা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। তবে প্রকল্পসংশ্লিষ্ট তথ্য ও নথি পর্যালোচনায় সংশ্লিষ্টদের দাবি, প্রকল্পের বিভিন্ন সিদ্ধান্ত এককভাবে প্রকল্প পরিচালক নেননি; এতে একাধিক কমিটি ও মাঠপর্যায়ের কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে।

‘ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন প্রকল্প (তৃতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৭৪ কোটি ৬৮ লাখ টাকা। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মূল লক্ষ্য উন্নত ও উচ্চফলনশীল জাতের ধান, গম ও ভুট্টার বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং কৃষকের কাছে সরবরাহের সক্ষমতা বাড়ানো। এর আওতায় ধান, গম ও হাইব্রিড ভুট্টার উন্নত বীজ উৎপাদন ও সরবরাহের পাশাপাশি বীজ সংরক্ষণব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

কৃষি উৎপাদনশীলতা বাড়ানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষকের উৎপাদনঝুঁকি কমাতে উন্নত জাতের বীজের গুরুত্ব রয়েছে। ফলে প্রকল্পটির সফল বাস্তবায়ন দেশের কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে ভারত থেকে বি-৩৩৫৫ জাতের ২০০ মেট্রিক টন হাইব্রিড ভুট্টাবীজ আমদানি করা হয়। এর মধ্যে রবি মৌসুমে কৃষকদের কাছে বিক্রি হয় ২২ মেট্রিক টন। অবশিষ্ট ১৭৮ মেট্রিক টন বীজ পরবর্তী মৌসুমের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভার কার্যবিবরণীতেও এ সিদ্ধান্তের উল্লেখ রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, আমদানির সময় কাস্টমসের নেটওয়ার্কিং ও সফটওয়্যার-সংক্রান্ত সমস্যার কারণে বীজ খালাসে কিছুটা বিলম্ব হয়। ফলে জনপ্রিয় জাত হওয়া সত্ত্বেও নির্ধারিত মৌসুমে সব বীজ বিক্রি করা সম্ভব হয়নি। তবে জাতটির প্রদর্শনী ও মাঠ দিবসে কৃষকদের ব্যাপক আগ্রহ দেখা গেছে, যা বিভিন্ন জাতীয় গণমাধ্যমেও প্রচারিত হয়েছে। পরবর্তী সময়ে বীজ সংরক্ষণের প্রযুক্তিগত ধাপ অনুসরণ করে অবশিষ্ট বীজ ডিহিউমিডিফায়েড গুদামে রাখা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, সংরক্ষিত বীজের অঙ্কুরোদ্‌গম ক্ষমতা ৯০ শতাংশের বেশি রয়েছে।

তবে বীজের মজুতের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২৬ সালের ৮ অক্টোবরের একটি প্রাক্‌সভা কার্যপত্রে বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ও প্রাথমিক মজুতের হিসাবে ২৬৩ মেট্রিক টনের উল্লেখ রয়েছে। অন্যদিকে, জানুয়ারির পিআইসি সভার কার্যবিবরণীতে অবশিষ্ট বীজের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১৭৮ মেট্রিক টন। দুই নথির হিসাবের মধ্যে ৮৫ মেট্রিক টন পার্থক্য থাকায় মজুত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে প্রকল্পসংশ্লিষ্টদের ব্যাখ্যা, দুটি হিসাবের পার্থক্য দেখেই বীজ আত্মসাৎ বা কোনো ব্যক্তির দায় নির্ধারণ করা যায় না। কারণ, চলতি বছরের মোট মজুত হিসাব করতে আগের বছরের সমাপনী বা চলতি বছরের প্রারম্ভিক মজুত, চলতি বছরের উৎপাদন, আমদানি এবং চূড়ান্তভাবে বীজ গ্রহণের পরিমাণসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হয়।

বিএডিসির মাঠপর্যায়ের বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণকেন্দ্রগুলোতে বাস্তব মজুত ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের। গুদামের স্টক রেজিস্টার, বিন কার্ড, দৈনিক মজুতের হিসাব, বীজ গ্রহণ ও বিতরণের নথি এবং সংরক্ষণ কার্যক্রম স্থানীয় পর্যায়ে পরিচালিত হয়। অন্যদিকে, প্রকল্প পরিচালক হিসেবে কৃষিবিদ মো. হুমায়ুন কবিরের দায়িত্বের মধ্যে রয়েছে প্রকল্পের সামগ্রিক পরিকল্পনা, বাজেট, ক্রয় কার্যক্রমের সমন্বয়, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ এবং বাস্তবায়নের অগ্রগতি তদারকি করা।

আমদানি করা বি-৩৩৫৫ জাতের ভুট্টাবীজের অঙ্কুরোদ্‌গম ক্ষমতা নিয়েও অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, কোনো কোনো পরীক্ষায় বীজের অঙ্কুরোদ্‌গমের হার ৫০ থেকে ৬০ শতাংশ পাওয়া গেছে। পরবর্তী সময়ে সংরক্ষিত কিছু লটে তা আরও কমে ৩৫ থেকে ৪০ শতাংশে নেমে এসেছে। অথচ বীজের মান নিয়ে আলোচনায় জাতীয় মানদণ্ড অনুযায়ী ৮০ শতাংশ অঙ্কুরোদ্‌গম ক্ষমতার বিষয়টি সামনে এসেছে।

অন্যদিকে, প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, বীজ প্রত্যয়ন এজেন্সি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), স্থানীয় বিএডিসি কর্মকর্তা এবং বিএডিসির কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারের একাধিক পরীক্ষায় সন্তোষজনক ফল পাওয়ার পরই আমদানি করা বীজ গ্রহণ করা হয়েছে। তাদের মতে, বীজের অঙ্কুরোদ্‌গম ক্ষমতা শুধু আমদানির সময়কার মানের ওপর নির্ভর করে না। সংরক্ষণের পরিবেশ, তাপমাত্রা, আর্দ্রতা, বাতাস চলাচল ও সময়ের ব্যবধানও বীজের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে।

ঠাকুরগাঁও ও চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের গুদামে সংরক্ষিত বীজের হিসাব নিয়েও আলোচনা রয়েছে। অভিযোগের একটি অংশে বলা হয়েছে, ঠাকুরগাঁও কেন্দ্রে বি-৩৩৫৫ জাতের বীজের সঙ্গে দেশীয় হাইব্রিড বীজ মেশানোর ঘটনা ঘটেছে। তবে প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, চুয়াডাঙ্গা কেন্দ্রে গত বছরের কোনো বীজ মজুত ছিল না। এ কারণে সেখানে দেশীয় বীজের সঙ্গে আমদানি করা বীজ মেশানোর অভিযোগের ভিত্তি নেই বলে তারা মনে করছেন। বীজের বিশুদ্ধতা ও সংরক্ষণ নিয়ে ওঠা অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা এবং সংরক্ষণসংক্রান্ত নথিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে প্রকল্পের আওতায় নতুন করে ১০০ মেট্রিক টন হাইব্রিড ভুট্টাবীজ সংগ্রহের জন্য ৪ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকার একটি ক্রয়চুক্তি হয়েছে।

ই-জিপি দরপত্রের তথ্য অনুযায়ী, টেন্ডার আইডি ১৩০৪৮০৪-এর আওতায় ২০২৬ সালের ২৮ জুন দরপত্র আহ্বান করা হয়। ১২ আগস্ট নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) দেওয়া হয় এবং ১৯ আগস্ট চুক্তি স্বাক্ষরিত হয়। প্যাকেজ নম্বর RWMP/2025-26/GD-33-এর আওতায় সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বঙ্গ অ্যাগ্রিটেক লিমিটেড।

আসন্ন রবি মৌসুমে বগুড়া, ময়মনসিংহ, ফেনী, চুয়াডাঙ্গা ও রংপুর অঞ্চলের কৃষকদের চাহিদা পূরণের লক্ষ্যে এ বীজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রকল্পসংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়। তাদের দাবি, পিপিআর ২০২৫ বিধিমালা ও ডিপিপি অনুসরণ করে ক্রয়প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত মৌসুমে কৃষকের হাতে মানসম্মত বীজ পৌঁছে দিতে সময়মতো এ সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা গুরুত্বপূর্ণ ছিল।

এ ছাড়া ঠাকুরগাঁওয়ের উপপরিচালক মোহাম্মদ মনোয়ার হোসেন খানের ২০২৬ সালের ৮ সেপ্টেম্বরের ১৫৫ নম্বর স্মারক নিয়েও আলোচনা তৈরি হয়েছে। তবে নথিতে উল্লেখিত তারিখ অনুযায়ী, ১৯ আগস্টের ক্রয়চুক্তির ২০ দিন পর স্মারকটি জারি করা হয়। ফলে স্মারকের বিষয়বস্তু ও ক্রয়চুক্তির সময়ক্রম আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিএডিসি দেশের কৃষি খাতে দীর্ঘদিন ধরে বীজ উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। বেসরকারি বীজবাজারের পাশাপাশি সরকারি পর্যায়ে মানসম্মত বীজের সরবরাহ বজায় রাখা, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের কাছে উন্নত বীজ পৌঁছে দেওয়া এবং মৌসুমি চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা গুরুত্বপূর্ণ।

প্রকল্পসংশ্লিষ্টদের মতে, ৪৭৪ কোটি টাকার এ প্রকল্পের সাফল্য নির্ভর করবে কৃষকের হাতে সময়মতো মানসম্মত বীজ পৌঁছে দেওয়ার ওপর। এ জন্য প্রকল্পের প্রশাসনিক সমন্বয়, মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম, বীজের মজুত ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি।

তবে বীজের মজুত ও গুণগত মান নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ যাচাইও প্রয়োজন। একই সঙ্গে প্রকল্প পরিচালকের প্রশাসনিক তদারকির দায়িত্ব এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের দৈনন্দিন কার্যক্রমের দায়িত্ব আলাদাভাবে বিবেচনা করে জবাবদিহি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। অভিযোগের সত্যতা যাচাই ছাড়া কোনো ব্যক্তির ওপর দায় চাপানো যেমন সমীচীন নয়, তেমনি প্রকল্পের বৃহত্তর লক্ষ্য দেখিয়ে অনিয়মের অভিযোগ উপেক্ষা করারও সুযোগ নেই।

স্বচ্ছতার দাবি,মান নিয়ে প্রশ্ন,বীজ প্রকল্প,৪৭৪ কোটি টাকা,মজুত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত