
রাজশাহীতে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে জেলা সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মুজাহিদ হাসান সভাপতি এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সিহাব উদ্দিন খান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) নবীনবরণ, প্রবীণ বিদায় ও বার্ষিক সাধারণ সভার মাধ্যমে উক্ত কমিটির অনুমোদন করা হয়।
কমিটির অন্যরা হলেন—আব্দুর রব জিমহা সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ জয় ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক।
জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি মুজাহিদ হাসান তার পরিকল্পনা নিয়ে বলেন, “শরীয়তপুরে কিছু কলেজ প্রোগ্রাম করবো, যাতে কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ভালো দিকনির্দেশনা পায়। জেলা সমিতির সদস্যদের নিয়ে ট্যুর আয়োজন করবো, পিঠা উৎসব, ফল উৎসব পালন করবো।”
জেলা সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন খান বলেন, “আত্মিক বন্ধনের ওপর ভর করে শরীয়তপুরের জন্য মেধাভিত্তিক সুদক্ষ, সচেতন এবং দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য। এ ছাড়া জেলা সমিতির যে প্রোগ্রামগুলো বছরের পর বছর ধরে হয়ে আসছে, ইনশাআল্লাহ আমি সেগুলোও দায়িত্বশীলতার সঙ্গে পালন করার চেষ্টা করবো।”
জেলা সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কনিক বলেন, “যোগ্য মানুষদেরকেই জেলা সমিতির দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি তারা তাদের দায়িত্ব যথাযথ সম্মানের সঙ্গে পালন করে জেলা সমিতিকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর।”
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণিত বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ওয়েলফেয়ার অফিসার এস. এম. আক্তার হোসেন। এ ছাড়া রাবি, রুয়েট এবং রামেকের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।