ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেটের ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেটের ৩৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেটের ৩৬তম বার্ষিক সভা শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় চবি ড. এ.আর. মল্লিক ভবনে (প্রশাসনিক ভবন) উপাচার্য দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

উপাচার্য তাঁর লিখিত বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন সেইসব বীর শহীদদের, যাঁদের নিরন্তর সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ এবং ১৯৯০-এর গণআন্দোলনে শহীদ সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন উপাচার্য।

এরই ধারাবাহিকতায় ২০২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারকারী শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন মাননীয় উপাচার্য। মাননীয় উপাচার্য শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।

তিনি আরও স্মরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যাঁদের শ্রমে, ঘামে এবং নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণাকর্ম ও ভৌত অবকাঠামো ক্রমশ পরিব্যাপ্ত হয়েছে। জ্ঞানের আলোকসঞ্চারী সেইসব কীর্তিমান ব্যক্তিদের প্রতিও তিনি কৃতজ্ঞতা নিবেদন করেন।

উপাচার্য বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা প্রাপ্তির পর অর্ধশতাব্দীরও অধিক ব্যবধানে ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অগণিত প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পুনর্জাগরণ ঘটেছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে। নির্বাচিত সরকারের সুবিবেচনায় আমি ১৭ মার্চ ২০২৬ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করি।

আমার ওপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিচালনার গুরুদায়িত্ব অর্পণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এর পাশাপাশি স্মরণ করছি জুলাই বিপ্লবে আত্মাহুতি দেওয়া অগ্রনেতা শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিম আকরামকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার থেকে জুলাই বিপ্লবে সম্পৃক্ত হয়ে অকালে ঝরে যাওয়া সম্ভাবনাময় দু’জন তরুণ শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও শহীদ ফরহাদ হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁদের গৌরবোজ্জ্বল ভূমিকাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। দেশের সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় অংশগ্রহণ করতে গিয়ে পঙ্গুত্ব বরণকারী ও আহত সকল ছাত্র-জনতার প্রতি আমার সহমর্মিতা সবসময় অটুট থাকবে।

দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই জনগণের আশা-আকাঙ্ক্ষার অনুকূলে অবস্থান নিয়েছে। উদ্ভূত সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে গেছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও নিরলসভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। আমার বিশ্বাস, বিদ্যমান পরিস্থিতিতে আপনাদের এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সক্ষম হবো। আপনাদের মূল্যবান পরামর্শ ও সুচিন্তিত মতামত আমাদের প্রত্যাশা পূরণে তাৎপর্যবহ ভূমিকা রাখবে।

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে মাননীয় উপাচার্য বলেন, গবেষণা ও প্রশাসনিক কাজের গুণগত মান নিশ্চিত করা এবং আমাদের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে Institutional Quality Assurance Cell (IQAC) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গত অর্থবছরে, অর্থাৎ ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত, IQAC-এর উদ্যোগে ত্রিশটিরও অধিক প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন করা হয়েছে, যেখানে দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদ ও গবেষকগণ আমাদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি বলেন, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে আমাদের বিশ্ববিদ্যালয় Outcome-Based Education তথা OBE পদ্ধতি এবং অভিন্ন সেমিস্টার পদ্ধতিতে পদার্পণ করেছে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে একযোগে এই পদ্ধতির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আমাদের প্রাতিষ্ঠানিক ইতিহাসে একটি মাইলফলক।

গবেষণা ও শিক্ষার মান

গবেষণা ও শিক্ষার মান সম্পর্কে মাননীয় উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ধরনের সহায়তার মাধ্যমে গবেষণা ও শিক্ষার মান উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছে।

এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতীতে অনুষদের শিক্ষকবৃন্দকে গবেষণায় নিয়োজিত রাখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা সেলের মাধ্যমে বিভিন্ন গবেষণা প্রকল্পে অর্থায়নের মাধ্যমে পরিচালনা করেছে।

উল্লেখ্য যে, এই গবেষণা সেল ২০২৫-২০২৬ অর্থবছরে শিক্ষকদের গবেষণা অনুদান খাতে ১০ কোটি টাকা, এম.ফিল. ও অন্যান্য খাতে ৬৭ লক্ষ টাকা এবং পিএইচ.ডি. ও মাস্টার্স থিসিস খাতে অর্থ অনুদান চলমান রেখেছে। আমরা আগামী অর্থবছরের জন্য ২৯ কোটি টাকা অনুদান চেয়ে ইউজিসিতে প্রস্তাবনা পেশ করেছি।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মাননীয় উপাচার্য বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণের পর ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৯ কোটি ৩৩ লক্ষ ৬৭ হাজার টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে পেশকৃত ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে Teacher-Students Complex (TSC) প্রতিষ্ঠাকরণ’ এবং ৬৭৮ কোটি ১৪ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে পেশকৃত ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং গবেষণা সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক দুটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (DPP) যাবতীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে পরিকল্পনা কমিশনের অনুমোদনের জন্য অপেক্ষমাণ।

অতিশীঘ্রই উক্ত দুটি প্রকল্প প্রস্তাব (DPP) অনুমোদনের বিষয়ে আমি আশাবাদী এবং এই বিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষদ্বয়ের সুদৃষ্টি কামনা করছি। উক্ত দুটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত, একাডেমিক এবং গবেষণা প্রতিবন্ধকতাসমূহ বহুলাংশে নিরসন হবে।

প্রকল্প দুটির গুরুত্বপূর্ণ Component-এর মধ্যে TSC কমপ্লেক্স নির্মাণ, ১০ তলা বিশিষ্ট একটি ছাত্রী হল নির্মাণ, তিনটি একাডেমিক ভবন নির্মাণ, তিনটি গবেষণা পরিচালনা কমপ্লেক্স ভবন নির্মাণ, সিনেট ভবন ও দ্বিতীয় প্রশাসনিক এনেক্স ভবন নির্মাণ, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার নির্মাণ, এসটিপি, বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপন ইত্যাদি উল্লেখযোগ্য।

উপাচার্য বলেন, অতি সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস সৃষ্টির নিমিত্তে প্রায় ৩০০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবন ও স্থাপনাসমূহের মেরামত ও সংস্কারের মাধ্যমে প্রয়োজনীয় উপকরণ সংযুক্ত করে ব্যবহারোপযোগী করার নিমিত্তে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় বরাদ্দের লক্ষ্যমাত্রা নিয়ে দুটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (DPP) প্রণয়ন করা হয়েছে।

প্রথমোক্ত প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য পাঁচটি এবং ছাত্রীদের জন্য পাঁচটি করে (প্রতিটি ১০ তলা বিশিষ্ট) আবাসিক হল নির্মাণ, বিদেশি শিক্ষার্থী ও পিএইচডি-এমফিল গবেষকদের জন্য একটি হল নির্মাণ, চারটি ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, ব্লু-ইকোনমি রিসার্চ সেন্টার নির্মাণ, কেন্দ্রীয় জাদুঘর ভবন নির্মাণ, গ্রন্থাগারের দ্বিতীয় ভবন নির্মাণ, স্টেডিয়াম ও সুইমিং পুল নির্মাণ, রসায়ন বিভাগের এডভান্সড রিসার্চ ল্যাব নির্মাণ, এডভান্সড রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্স ভবন নির্মাণ, মডার্ন ল্যাংগুয়েজ ভবন নির্মাণ, জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল ইনস্টিটিউট (জিনোম সিক্যুয়েন্সিং এবং রেফারেল সেন্টারসহ) ভবন নির্মাণ, ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ, ডে-কেয়ার সেন্টার নির্মাণ, কয়েকটি বহুতল অফিস ভবন নির্মাণ, টিচার্স ডরমেটরি ভবন নির্মাণ, সোলার লাইটিংসহ ওয়াকওয়ে নির্মাণ, ফুড কোর্ট, ওয়েট মার্কেট ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।

অতিশীঘ্রই উক্ত দুটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব জাতীয় উন্নয়ন পরিকল্পনায় সংযুক্ত হবে।

উপাচার্য বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন Higher Education Acceleration and Transformation (HEAT) Project-এর আওতায় প্রথম রাউন্ডে অত্র বিশ্ববিদ্যালয়ে মোট ২৯ কোটি ৭৪ লক্ষ ৮১ হাজার টাকার আটটি Sub-Project চলমান রয়েছে।

এসব Sub-Project বাস্তবায়নের মাধ্যমে Teaching-Learning পরিবেশ উন্নয়নের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক সুবিধাসমূহ সংযুক্ত হবে। এছাড়াও কতিপয় Sub-Project চিকিৎসা ক্ষেত্রে সামগ্রিক পরিবেশ উন্নয়নে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি প্রবর্তনে এবং উদ্ভাবনী দক্ষতা অর্জনে সহায়ক হবে।

HEAT Project-এর আওতায় দ্বিতীয় রাউন্ডে এ বিশ্ববিদ্যালয় থেকে ৫২টি প্রস্তাব জমা দেওয়া হয়েছে, যা বর্তমানে যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। এছাড়া, এ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ব্যানবেইস এবং অন্যান্য এজেন্সির অর্থায়নে অনেকগুলো গবেষণা প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে।

সেবার আধুনিকায়ন

সেবার আধুনিকায়ন সম্পর্কে মাননীয় উপাচার্য বলেন, শিক্ষা ও সেবার আধুনিকায়নের লক্ষ্যে Digital Network তথা High Powered Wi-Fi চালু, Internet of Things (IoT) সেন্সরড ড্যাশবোর্ড ও নিরাপত্তা ক্যামেরা, Real Time তথ্য সরবরাহে তথ্যপ্রযুক্তির ব্যবহার প্রভৃতির মাধ্যমে সংযুক্ত কার্যক্রম নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া পরীক্ষা সংক্রান্ত সকল কার্যাদি Automation-এর আওতায় আনা হয়েছে। স্বাস্থ্যসেবার আধুনিকায়ন এবং ৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপাচার্য ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য পেশ করেন। তিনি বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভিশন এবং SDG 2030-এর Goal-4 (SDG-4)-এর আলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ব্যবস্থাকে আধুনিকীকরণ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।

সিনেট সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লক্ষ ৭৯ হাজার টাকার সংশোধিত এবং ২০২৬-২০২৭ অর্থবছরের ৫০৩ কোটি ৪৭ লক্ষ ৩৭ হাজার টাকার মূল বাজেট উপস্থাপন করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ হাছান মিয়া। সিনেট সভায় এ বাজেট অনুমোদিত হয়।

উপাচার্যের ভাষণ ও বাজেটের ওপর প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করেন চবি সিনেট সদস্য সাংসদ সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১৩ আসন), এরশাদ উল্লাহ (চট্টগ্রাম-৮ আসন), গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (চট্টগ্রাম-৬ আসন) ও সাঈদ আল নোমান (চট্টগ্রাম-১০ আসন)। এছাড়া সম্মানিত সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান (চট্টগ্রাম-৯) উপস্থিত ছিলেন।

অন্যান্য সিনেট সদস্যদের মধ্যে আলোচনা করেন ড. মোহাম্মদ মনজুর-উল-আমিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জাহিদা শুলশান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নিলুফা আকতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. প্রীথিলা নাজনীন নীলিমা, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এস.এম ফজলুল হক, জনাব শ. ম. নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এম. আবদুল গফুর, প্রফেসর জমির উদ্দিন আহমদ, অবসরপ্রাপ্ত প্রফেসর মনসুর উদ্দিন আহমদ ও জনাব মোহাম্মদ রেজাউল কবির।

সিনেট সভায় সম্মানিত সিনেটরবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

৩৬তম বার্ষিক সভা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,সিনেট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত