ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রাতে ঢাবিতে পরপর তিন ককটেল বিস্ফোরণ

রাতে ঢাবিতে পরপর তিন ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পৃথক দুটি স্থানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জগন্নাথ হলের পূর্ব গেটের পাশে পরপর দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১১টার দিকে প্রথমে জগন্নাথ হলের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর টিএসসি মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় আশপাশে থাকা কেউ আহত হয়েছেন—এমন তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, তারা ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ ও সহকারী প্রক্টরদের পাঠিয়েছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে।

প্রক্টর কার্যালয়ের নিরাপত্তাকর্মী দলের প্রধান ইউসুফ হারুন জানান, তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জগন্নাথ হলের সামনে বিস্ফোরণের সময় ওই সড়ক দিয়ে কোনো গাড়ি যেতে দেখা যায়নি। কেউ হয়তো জগন্নাথ হলের ওপর থেকে ককটেল ছুড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ তথ্য এখনো নিশ্চিত নয়।

টিএসসি মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কের বিস্ফোরণ সম্পর্কে ইউসুফ হারুন জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তরা জানতে পেরেছেন, মোটরসাইকেলে করে এসে কেউ ককটেল ছুড়ে দিয়ে চলে গেছে। তবে এ তথ্যও তদন্তে নিশ্চিত হয়নি। কারা বিস্ফোরণের সঙ্গে জড়িত এবং দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আবা/এসআর/২৬

ঢাবি,ককটেল,বিস্ফোরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত