ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

চীনে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি

চীনে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি

চীনে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৭–২৮ শিক্ষাবর্ষের চীনা সরকারি বৃত্তির (Chinese Government Scholarship) আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশে চীনের দূতাবাসের মাধ্যমে টাইপ ‘এ’ ক্যাটাগরিতে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং সাধারণ ও উচ্চতর গবেষণা বা প্রশিক্ষণ কর্মসূচিতে আবেদন করা যাবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১০ জানুয়ারি ২০২৭।

এটি পূর্ণ অর্থায়নের বৃত্তি। নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, বিশ্ববিদ্যালয়ের আবাসনে বিনা মূল্যে থাকার সুবিধা, মাসিক জীবনযাত্রার ভাতা এবং বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসার বিমানভাড়া পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়, বিষয় ও পাঠদানের ভাষাভেদে ভর্তির শর্ত ভিন্ন হতে পারে।

আবেদনকারীদের ভালো শিক্ষাগত ফলাফল ও প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা থাকতে হবে। স্নাতক পর্যায়ে আবেদনের ক্ষেত্রে বয়স সাধারণত ২৫ বছরের নিচে, স্নাতকোত্তরে ৩৫ বছরের নিচে এবং পিএইচডিতে ৪০ বছরের নিচে হতে হবে। সাধারণ গবেষক কর্মসূচিতে বয়সসীমা ৪৫ বছর এবং সিনিয়র গবেষক কর্মসূচিতে ৫০ বছর। স্নাতক পর্যায়ের আবেদনকারীদের বৈধ চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট (সিএসসিএ) পরীক্ষার ফল জমা দিতে হবে। চীনা ভাষায় পরিচালিত কিছু কর্মসূচিতে এইচএসকে পরীক্ষার নির্ধারিত স্তর এবং ইংরেজি মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ভেদে ভাষাগত দক্ষতার প্রমাণ প্রয়োজন হতে পারে।

আবেদনের জন্য সরকারি পোর্টালে নিবন্ধন করে ‘টাইপ এ’ নির্বাচন করতে হবে এবং এজেন্সি নম্বর ‘০৫০১’ দিতে হবে। এরপর পাসপোর্টের তথ্যপাতা, শিক্ষাগত সনদ ও নম্বরপত্র, ভাষাগত যোগ্যতার প্রমাণ, অধ্যয়ন বা গবেষণা পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্‌-ভর্তির নথি জমা দিতে হবে। স্নাতকোত্তর, পিএইচডি ও সিনিয়র গবেষক পর্যায়ের আবেদনকারীদের দুটি সুপারিশপত্রও প্রয়োজন হবে। ছয় মাসের বেশি সময় চীনে অবস্থানের ক্ষেত্রে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং প্রযোজ্য ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে।

আবেদনকারীদের পছন্দের বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্ত, বিষয় ও পাঠদানের ভাষা আগেই যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ও প্রয়োজনীয় নথি সতর্কতার সঙ্গে পরীক্ষা করতে হবে। বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে চীনা দূতাবাসের সরকারি বিজ্ঞপ্তি এবং www.campuschina.org ওয়েবসাইটে।

চায়না স্কলারশিপ কাউন্সিল জানিয়েছে, আবেদন গ্রহণের জন্য কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীকে অনুমোদন দেওয়া হয়নি। তাই আগ্রহীদের সরকারি মাধ্যমেই আবেদন করতে হবে।

চীনে উচ্চশিক্ষা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত