ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বেরোবি প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ শিক্ষকের

বেরোবি প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ শিক্ষকের

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থী ও কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও শিক্ষকদের বিরুদ্ধে তদন্তে নিয়োগসংক্রান্ত অনিয়ম প্রমাণিত হওয়ার পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহা. মাহমুদুল হক। প্রশাসনের এমন দ্বৈত নীতি ও ক্ষমতার প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলে তিনি একে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার প্রয়োগ (Malafide Exercise of Power) হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

স্ট্যাটাসে মাহমুদুল হক উল্লেখ করেন, গত ৪ নভেম্বর উপাচার্যের দপ্তরে তার সামনেই মারামারির ঘটনার পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেউ মারামারি বা অন্য কর্মকর্তাকে মারধর করে থাকলে তা অবশ্যই নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। তবে মাত্র ১৫ কার্যদিবসে তদন্ত শেষ করে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া এবং শাস্তির মাত্রা যথাযথ হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার মতে, এ ক্ষেত্রে পদাবনতির মতো শাস্তিও বিবেচনা করা যেত।

শিক্ষার্থীদের বিরুদ্ধেও দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ২০২৫ সালের ২৩ নভেম্বর বিজয়-২৪ হলে র‍্যাগিংয়ের ঘটনার পর তিন শিক্ষার্থীকে তিন দিনের মধ্যে বহিষ্কার করা হয়েছিল। ২৬ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১৮তম সিন্ডিকেট সভায় দুই শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষ এবং একজনকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন আব্দুল্লাহ আল মামুন, রকি আহমেদ ও আজিজুল হাকিম।

মাহমুদুল হক বলেন, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসন বেশ তৎপর। অথচ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে তদন্তে চাকরি অবৈধ প্রমাণিত হওয়ার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি বিষয়টি সিন্ডিকেটে উত্থাপিত হওয়ার পরও সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি বহাল রেখে বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে নিজের সুবিধা বিবেচনা করে কোথাও দ্রুত সাময়িক বরখাস্ত করা হচ্ছে, আবার কোথাও অবৈধ চাকরি বহাল রাখা হচ্ছে। এতে ন্যাচারাল জাস্টিস বা ন্যায়বিচারের নীতি বিঘ্নিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

উপাচার্যের দপ্তরে তার সামনেই মারামারির ঘটনা ঘটার বিষয়টি উল্লেখ করে মাহমুদুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও চেইন অব কমান্ড ভেঙে পড়ার দায় উপাচার্যও এড়াতে পারেন না। প্রশাসনের এমন দ্বৈত নীতি অসৎ উদ্দেশ্যে ক্ষমতার প্রয়োগের প্রশ্ন তৈরি করে। উপাচার্য, রেজিস্ট্রার কিংবা সিন্ডিকেট সদস্যরাও আইনের ঊর্ধ্বে নন বলেও মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের নিয়োগসংক্রান্ত অনিয়মের বিষয়েও বিস্তারিত অভিযোগ তুলে ধরেন মাহমুদুল হক। তিনি বলেন, দুটি পৃথক তদন্তে ওই শিক্ষকের নিয়োগ অবৈধ প্রমাণিত হওয়ার পরও দীর্ঘদিন ধরে তার চাকরি বহাল রাখা হয়েছে। তাকে নিয়মিত বেতন-ভাতা ও পদমর্যাদা দেওয়া হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণে সরকারি অর্থের ক্ষতি হচ্ছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে কয়েক দিন আগে উপাচার্য ও রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন জানিয়ে দুদক, ইউজিসিসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরেও চিঠি পাঠানোর কথা উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট শিক্ষক সহযোগী অধ্যাপক পদে কর্মরত থাকা অবস্থায় সহযোগী অধ্যাপক পদেই আবেদন করেছিলেন। নিয়োগসংক্রান্ত জালিয়াতি, চাকরি বহাল রাখা এবং বেতন-ভাতা দিয়ে সরকারি অর্থের ক্ষতির ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২০১ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় সহযোগিতাকারী ও যোগসাজশকারীরাও সমান অপরাধী বলে মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে অতীতে মামলা করার কথা জানিয়ে মাহমুদুল হক বলেন, তখন তিনি ওই উপাচার্যের অধীনেই চাকরি করতেন। বেরোবির বিগত চার উপাচার্যের সবাই বিভিন্ন মামলার আসামি ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর বিরুদ্ধে নিয়োগসংক্রান্ত জালিয়াতির অভিযোগে দুদকের মামলার প্রসঙ্গ তুলে ধরেন।

তার দাবি, দুদকের মামলার আসামি থাকা অবস্থাতেই অন্তর্বর্তী সরকারের আমলে উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি। আওয়ামী লীগ সরকারের সময় বড় নিয়োগের দায়িত্বে থাকার কথাও স্ট্যাটাসে উল্লেখ করেন মাহমুদুল হক।

সিন্ডিকেটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মাহমুদুল হক রিট পিটিশন নম্বর ২৫৭৩/২০১৪-এর একটি রায়ের উদ্ধৃতি দেন। তার ভাষ্য অনুযায়ী, ওই রায়ে বেরোবির সিন্ডিকেটের কর্মকাণ্ডকে স্বেচ্ছাচারী ও বেপরোয়া হিসেবে উল্লেখ করে হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন। রাষ্ট্রের অর্থ তথা করদাতাদের অর্থে পরিচালিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আইন অনুযায়ী পরিচালনার দায়িত্বের কথাও তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন মেনে দায়িত্ব পালনের বিষয়ে আদালতের পর্যবেক্ষণ উল্লেখ করেন।

এ ছাড়া সিন্ডিকেটের সিদ্ধান্ত জালিয়াতির অভিযোগের কথাও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো ঘটনা বা নথির বিবরণ দেননি।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সময়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরে মাহমুদুল হক বলেন, ওই সময়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করায় ১০ কর্মকর্তা-কর্মচারীকে অবৈধভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে তাদের চাকরি বহাল থাকে বলে জানান তিনি। ওই সময়ে অধিকার সুরক্ষা পরিষদের পক্ষ থেকে ৭৯০ পৃষ্ঠার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হয়েছিল, যা তিনি তিনবার সম্পাদনা করেন বলেও উল্লেখ করেন।

স্ট্যাটাসের শেষাংশে মাহমুদুল হক বলেন, সাময়িক বরখাস্ত হওয়া চার কর্মকর্তার সঙ্গে তার কোনো ব্যক্তিগত পরিচয় নেই। তাদের পক্ষে ওকালতি করার জন্য নয়, বরং জনস্বার্থে তথ্য ও মতামত তুলে ধরতেই তিনি এ লেখা লিখেছেন। বিশ্ববিদ্যালয় জনগণের করের টাকায় পরিচালিত হয় উল্লেখ করে প্রশাসনের প্রতি আইনকানুন জেনে ও মেনে বিশ্ববিদ্যালয় পরিচালনার আহ্বান জানান তিনি।

তার ভাষ্য, অপরাধে প্রত্যক্ষ অংশগ্রহণের পাশাপাশি প্ররোচনা, সহায়তা ও অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ও প্রচলিত আইনে স্বীকৃত।

অভিযোগ শিক্ষকের,ক্ষমতার অপপ্রয়োগ,বেরোবি প্রশাসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত