অনলাইন সংস্করণ
১১:২৫, ২২ আগস্ট, ২০২৬
বলিউড থেকে দক্ষিণী চলচ্চিত্র- সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত সিনেমা 'স্পিরিট'। ‘বাহুবলী’খ্যাত প্রভাস অভিনীত এই সিনেমা ঘিরে দর্শকের আগ্রহের শেষ নেই। তবে সিনেমাটিতে প্রভাসের বিপরীতে প্রথমে দীপিকা পাডুকোনকে ভাবা হলেও শেষ পর্যন্ত তিনি প্রকল্পটি থেকে সরে যান।
এতদিন এ নিয়ে নানা আলোচনা থাকলেও এবার দীপিকার বাদ পড়ার কারণ নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির অন্যতম প্রযোজক ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে প্রণয় দাবি করেছেন, প্রায় দেড় বছর ধরে দীপিকার সঙ্গে সিনেমাটি নিয়ে আলোচনা চলছিল। পরিচালক সন্দীপও অত্যন্ত যত্ন নিয়ে চরিত্র ও গল্পটি পরিকল্পনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সূচি নিয়ে সমঝোতা না হওয়ায় দীপিকার সঙ্গে কাজ করা সম্ভব হয়নি।
প্রণয়ের ভাষায়, 'প্রধান কারণগুলো সেই একই, যা আগে বলা হয়েছিল- প্রথমত পারিশ্রমিক এবং দ্বিতীয়ত সময় অর্থাৎ শুটিংয়ের সময়সূচি। এর বাইরেও আরও কিছু ছোটখাটো কারণ ছিল। তবে এটা পুরোপুরি সন্দীপের সিদ্ধান্ত ছিল।'
তিনি আরও দাবি করেন, দীপিকার পারিশ্রমিক নিয়ে আলোচনা চলার সময় নির্মাতারা তাকে অতিরিক্ত ৫ থেকে ৬ কোটি রুপি দিতেও রাজি ছিলেন। কিন্তু এরপর নাকি অভিনেত্রীর পক্ষ থেকে সিনেমার লভ্যাংশের ১০ শতাংশ দাবি করা হয়।
প্রণয় বলেন, 'কেউ যেকোনো কিছু দাবি করতেই পারে। আমরা দিতে রাজি থাকলেই দিতে পারি। কিন্তু প্রযোজনার বাজেটের দিকটাও তো দেখতে হবে। যখন দেখলাম সিনেমার বাজেট আর এই বিষয়টি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, তখন আমরা অন্য বিকল্পের কথা ভাবতে বাধ্য হই।'
দীপিকা সরে যাওয়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক আরও বাড়ে। প্রণয়ের অভিযোগ, নতুন অভিনেত্রী খোঁজার প্রক্রিয়া শুরু হওয়ার পর সিনেমার গল্প ও চরিত্র নিয়ে নির্মাতাদের সঙ্গে দীপিকার আলোচনার কিছু অভ্যন্তরীণ তথ্য বাইরে চলে আসে।
তার দাবি, 'আমরা ছবির গল্প এবং চরিত্র নিয়ে দীপিকার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলাম। অভ্যন্তরীণ বিষয়গুলো এভাবে বাইরে আনা উচিত নয়। কিন্তু উনি বা তার টিম সব লিক করে দেন। এই কারণেই আমাদের টিম মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়েছিল।'
এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গাও সামাজিক যোগাযোগমাধ্যমে 'ডার্টি পিআর গেমস' ও 'আনস্পোকেন এনডিএ' নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। যদিও সে সময় তিনি কারও নাম উল্লেখ করেননি। তবে তার সেই পোস্টকে ঘিরে নেটদুনিয়ায় নানা আলোচনা শুরু হয়েছিল।
এদিকে দীপিকা পাডুকোনের পরিবর্তে 'স্পিরিট'-এ প্রভাসের বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি দিমরি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর এবার আরও বড় পরিসরের এই সিনেমায় দেখা যাবে তাকে।
'স্পিরিট'কে ঘিরে শুরু থেকেই বড় প্রত্যাশা তৈরি হয়েছে। প্রভাসের পাশাপাশি সন্দীপ রেড্ডি ভাঙ্গার নির্মাণশৈলীও সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ বাড়িয়েছে। এটি একটি প্যান-ওয়ার্ল্ড অ্যাকশন থ্রিলার হিসেবে নির্মিত হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ৫ মার্চ ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'স্পিরিট'। তবে দীপিকাকে সিনেমা থেকে বাদ দেওয়ার বিষয়ে প্রণয় রেড্ডি ভাঙ্গার এমন দাবির পর এখনো অভিনেত্রী বা তার টিমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।