অনলাইন সংস্করণ
১৯:১৩, ২৩ আগস্ট, ২০২৬
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। একের পর এক সফল সিনেমা ও ওটিটি কনটেন্টে অভিনয় করে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যেই নতুন এক পেশাগত পরিচয়ে সামনে এসেছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি বেসরকারি ব্যাংকে যোগ দিয়েছেন তমা। তার এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
অভিনয়ের পাশাপাশি তমার করপোরেট জগতে পা রাখার বিষয়টি অনেকেই ইতিবাচকভাবে দেখেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এ নিয়ে প্রশ্নও তুলেছেন। চলছে মিশ্র প্রতিক্রিয়া। এমন পরিস্থিতিতে তমার পাশে দাঁড়িয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তমার সমালোচনাকারীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন ভাবনা। একই সঙ্গে সমাজে নারী ও পুরুষের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গির বিষয়টিও তুলে ধরেন তিনি।
ভাবনা লেখেন, 'তমা মির্জার জায়গায় কোনো পুরুষ অভিনেতা ব্যাংকের এই একই পদে থাকলে আমাদের কলিগরাই বড় ভাই বলে তেল দিতেন।'
নারীর প্রতি সমাজের প্রচলিত মানসিকতার সমালোচনা করে ভাবনা আরও লেখেন, 'বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা যে কতটা স্পষ্ট হয়ে উঠছে, তা দিনে দিনে দৃশ্যমান।'
নারীর সাফল্যকে কোনো পুরুষের সঙ্গে যুক্ত করে দেখার প্রবণতারও প্রতিবাদ জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, 'সব দোষ মেয়েদের। মেয়েরা সুপারস্টার হবে অবশ্যই কোনো পুরুষের হাত ধরে, মেয়েরা একা কিছুই পারবে না-এই মনোভাব থেকে বের হয়ে আসেন। জানি পারবেন না, অনেকদিনের অভ্যাস তো।'
এরপর নারীর বহুমুখী পরিচয় ও সক্ষমতার কথা তুলে ধরে ভাবনা বলেন, 'একজন নারী সব পারে, আপনাদের বলতে কষ্ট হয়। কারণ মেয়েদের বশ করতে ভালো লাগে সবার।'
নিজের বক্তব্যের শেষাংশে নারীর স্বাধীনভাবে নিজের পেশা ও জীবন বেছে নেওয়ার অধিকারের কথাও তুলে ধরেন ভাবনা। তিনি লেখেন, 'আমরা অভিনয় করব, ব্যবসা করব, চাকরি করব, ছবি আঁকব, গান গাইব, লেখালেখি করব, মা হব, প্রেমিকা হব। সব করব। আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন।'
অভিনয়ের পাশাপাশি তমা মির্জার করপোরেট জগতে নতুন এই যাত্রা নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে, তখন তার পক্ষে অবস্থান নিয়ে ভাবনার এমন বক্তব্যও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।