ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মারা গেছেন ব্রিটিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি

মারা গেছেন ব্রিটিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি

ব্রিটিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি মারা গেছেন। যিনি 'প্যাক' নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। অল এলিট রেসলিং (এইডব্লিউ) এক বিবৃতিতে স্যাটারলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৯ সালে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি।

স্যাটারলির মৃত্যুর খবর আসে শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি অ্যারেনায় এইডব্লিউর 'অল আউট' ইভেন্টে অংশ নেয়ার মাত্র একদিন পর। তার মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি।

ইংল্যান্ডের নিউক্যাসল আপন টাইনের বাসিন্দা স্যাটারলি ২০০৪ সালে পেশাদার রেসলিংয়ে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন রেসলিং সংস্থায় অংশ নিয়ে উদ্ভাবনী উচ্চ-উড়ন্ত কৌশল ও অসাধারণ রিং দক্ষতার জন্য দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

এইডব্লিউতে একাধিক চ্যাম্পিয়নশিপ জিতেছেন স্যাটারলি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এইডব্লিউর ইতিহাসের অন্যতম স্মরণীয় কয়েকটি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি।

এইডব্লিউতে যোগ দেয়ার আগে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই), নিউ জাপান প্রো-রেসলিং এবং মেক্সিকোর কনসেহো মুন্দিয়াল দে লুচা লিব্রের মতো প্রতিষ্ঠিত রেসলিং সংস্থাতেও পারফর্ম করেছেন তিনি।

ক্যারিয়ারে বিভিন্ন সময়ে 'প্যাক', 'অ্যাড্রিয়ান নেভিল' এবং 'দ্য ম্যান দ্যাট গ্র্যাভিটি ফরগট' নামে রিংয়ে পরিচিত ছিলেন স্যাটারলি। এর মধ্যে শেষের নামটি তার একটি জনপ্রিয় ফিনিশিং মুভের সঙ্গে সম্পর্কিত। ওই কৌশলে তিনি রিংয়ের ওপরের দড়ি থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে প্রতিপক্ষের ওপর অবতরণ করতেন।

তার আকস্মিক মৃত্যুতে রেসলিং অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময় ও শোক প্রকাশ করেছেন।

ডব্লিউডব্লিউই হল অব ফেমার পল হেইম্যান এটিকে 'ভয়াবহ ক্ষতি' হিসেবে উল্লেখ করে বলেন, স্যাটারলি ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী এবং আরও ভালো মনের একজন মানুষ।

এইডব্লিউ প্রেসিডেন্ট টনি খান বলেন, স্বামী, বন্ধু এবং রেসলিংয়ের জ্ঞান, দক্ষতা ও অতুলনীয় ক্রীড়াশৈলীতে স্যাটারলি ছিলেন অনন্য।

ব্রিটিশ রেসলার উইল অসপ্রে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্যাটারলির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমাদের দেশের সবচেয়ে বড় রপ্তানি। একই সঙ্গে সবচেয়ে ভালো মানুষ।

এইডব্লিউর আরেক রেসলার ইভিল উনো লিখেছেন, আমি হতবাক। এটা হৃদয়বিদারক। আমরা আরও একজন মহান মানুষ, মহান আত্মা এবং সত্যিকারের পেশাদারকে হারালাম।

বেঞ্জামিন স্যাটারলি,ব্রিটিশ রেসলার,মারা গেছেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত