অনলাইন সংস্করণ
১৬:০৭, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। তার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে চিত্রনায়ক জায়েদ খান টাকা পাঠিয়েছেন। এমন খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে তৈরি হয় নানা আলোচনা। তবে শেষ পর্যন্ত জানা গেল জায়েদ সত্যি টাকা পাঠিয়েছেন।
তবে জায়েদের পাঠানো সেই টাকা গ্রহণ করেননি রিফাত চৌধুরী।
এক সাক্ষাৎকারে রিফাত চৌধুরী জানিয়েছিলেন, জায়েদ খান তাকে কোনো আর্থিক সহযোগিতা করেননি। টাকার বিষয়টিও তাকে কেউ নিশ্চিত করে জানাননি বলে দাবি করেন তিনি।
এরপর জানা যায়, রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য জায়েদ খান এক সাংবাদিককে ১০ হাজার টাকা দিয়েছিলেন। তবে সেই টাকা তিনি রিফাতের কাছে পৌঁছাতে পারেননি। তার আগেই নিউজে সয়লাব হয়ে যায় যে রিফাত চৌধুরীর জন্য জায়েদ খান টাকা পাঠিয়েছেন। বিষয়টিতে কবি ও অভিনেতা বেশ বিরক্ত হন। পরে সাংবাদিক ওই টাকা নিয়ে গেলেও তা আর গ্রহণ করেননি রিফাত।
শুক্রবার রাতে রিফাত চৌধুরী বলেন, তিনি শুনেছিলেন জায়েদ খান একজনের মাধ্যমে তার জন্য কিছু টাকা পাঠিয়েছেন। কিন্তু সেই টাকা কেউ তাকে দেননি, এমনকি বিষয়টি নিয়েও তাকে জানানো হয়নি।
এরপর শনিবার (২৬ সেপ্টেম্বর) জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা রিফাত চৌধুরীর কাছে পৌঁছে দিতে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি তা গ্রহণ করেননি।
এর আগে ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। দীর্ঘদিন ধরে পা ও কোমরের সমস্যা ছাড়াও শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন তিনি। হাসপাতালে ভর্তির পর শুরুতে বেড না পেয়ে কয়েক দিন মেঝেতেও থাকতে হয়েছিল তাকে। পরে ২১ সেপ্টেম্বর রাতে তাকে কেবিনে নেওয়া হয়।
আশির দশক থেকে কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরী। ১৯৮৪ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’। চার দশকের সাহিত্যজীবনে তার ২৯টি বই প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।
অভিনয়ে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রসহ বেশ কিছু জনপ্রিয় কাজের মাধ্যমে পরিচিতি পান তিনি। ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ সিনেমাতেও অভিনয় করেছেন এই কবি ও অভিনেতা।
বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রিফাত চৌধুরী। সুস্থ হয়ে ফিরতে পারলে অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনায়ও মন দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।