অনলাইন সংস্করণ
১২:১১, ১১ নভেম্বর, ২০২৬
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। নিতেশ তিওয়ারি পরিচালিত এই পৌরাণিক সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা যশ। সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই তার সাজসজ্জা ও চরিত্রায়ণ নিয়ে দর্শকের মধ্যে আলোচনা চলছে। বিশেষ করে রাবণের পোশাক ও মুকুট নজর কেড়েছে অনেকের।
এবার জানা গেল, পর্দায় রাবণকে জীবন্ত করে তুলতে যশকে কতটা ভারী পোশাক পরে শুটিং করতে হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির কস্টিউম ডিজাইনার সানিয়া সারধারিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাবণের চরিত্রে যশের অধিকাংশ পোশাকের ওজন ছিল ১৬ থেকে ২০ কেজি। পোশাকের সঙ্গে ছিল বিভিন্ন ধরনের গয়না ও অন্যান্য অনুষঙ্গ। তবে বিশেষ কিছু দৃশ্যের জন্য অভিনেতাকে আরও ভারী সাজসজ্জা পরতে হয়েছে।
ডিজাইনারের তথ্য অনুযায়ী, লঙ্কার সঙ্গে সম্পর্কিত রাবণের সাজ, তার বিয়ের পোশাক এবং শূর্পণখার বিয়ের অনুষ্ঠানের দৃশ্যের জন্য তৈরি পোশাকগুলোর ওজন ছিল প্রায় ৩০ থেকে ৩৩ কেজি। অর্থাৎ এসব দৃশ্যে যশকে শরীরে ৩৩ কেজি পর্যন্ত ওজন বহন করে অভিনয় করতে হয়েছে।
শুধু পোশাক নয়, রাবণের মুকুট তৈরিও ছিল নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ। সানিয়া সারধারিয়া জানান, মাথায় সামান্য অতিরিক্ত ওজনও দীর্ঘ সময় ধরে বহন করা বেশ কষ্টকর। তাই মুকুটের নকশা চূড়ান্ত করার আগে একাধিক ত্রিমাত্রিক নমুনা তৈরি করা হয়। এরপর মুকুটটির ওজন কমানোর জন্য চলে নানা পরীক্ষা-নিরীক্ষা।
সব চেষ্টা শেষে এর ওজন দাঁড়ায় ১ দশমিক ৮ কেজি। ডিজাইনারের ভাষায়, এর চেয়ে আর হালকা করা সম্ভব হয়নি।
এমন ভারী পোশাক ও মুকুট পরে দীর্ঘ সময় শুটিং করা যশের জন্য শারীরিকভাবে বেশ চ্যালেঞ্জিং ছিল। পোশাকের ওজনের কারণে শুটিংয়ের সময় তার চলাফেরাও সীমিত হয়ে পড়ত। তবে পুরো বিষয়টি হাসিমুখেই সামলেছেন অভিনেতা। এমনকি পোশাকের ধারালো অংশ নিয়ে মাঝেমধ্যে সহকর্মীদের সঙ্গে মজাও করতেন তিনি।
‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন রবি দুবে। নমিত মালহোত্রা প্রযোজিত দুই পর্বের এই সিনেমায় সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান ও হ্যান্স জিমার।
সিনেমাটির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালে।