ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

শুধু নারীরা নন, পুরুষেরাও কাস্টিং কাউচের শিকার হন: রম্যা কৃষ্ণন

শুধু নারীরা নন, পুরুষেরাও কাস্টিং কাউচের শিকার হন: রম্যা কৃষ্ণন

চলচ্চিত্রাঙ্গনে ‘কাস্টিং কাউচ’ নতুন কিছু নয়। অনেক আগে থেকেই পর্দার আড়ালে এমনটা চলছে। উঠতি অভিনয়শিল্পী বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে বেশি ঘটছে। বহু নায়িকা লালসার শিকার হয়েছেন প্রযোজক-পরিচালকদের।

এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন রাজমাতা শিবগামী দেবী খ্যাত দক্ষিণী অভিনেত্রী রম্যা কৃষ্ণন। তিনি জানিয়েছেন, কাস্টিং কাউচের কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। নারী-পুরুষ উভয়ই এর শিকার হতে পারেন। একই সাক্ষাৎকারে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ প্রসঙ্গে রম্যা বলেন, ‘এপস্টিনের ঘটনাগুলোর দিকে তাকান। আমেরিকার মতো দেশেও এমন ঘটনা ঘটেছে। যেখানে মহিলারা অনেক বেশি স্বাধীন। তা সত্ত্বেও তাঁদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তাই এখানে এমন কিছু ঘটে না, এ কথা বলা যায় না। অতীতেও ঘটেছে, এখনও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে।’

সময়ের পরিবর্তনের সঙ্গে শোষণের ধরন বদলালেও মূল সমস্যাটি থেকে যায় বলে মনে করেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘কী ভাবে ঘটনাগুলো ঘটছে, কারও সম্মতি নেওয়া হচ্ছে কি না, সময়ের সঙ্গে সেই বিষয়গুলো বদলায়।’

কাস্টিং কাউচকে কেবল শোবিজ অঙ্গনের সমস্যা হিসেবে দেখতে নারাজ রম্যা। তাঁর মতে, বাইরের জগতেও নানাভাবে শোষণের শিকার হচ্ছেন নারীরা। কিন্তু গ্ল্যামার জগতের বিষয়গুলো একটু বেশি আলোচনায় আসে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জোর করে হোক, নিজের ইচ্ছায় হোক কিংবা পরিস্থিতির চাপে, ঘটনাগুলো ঘটেই চলেছে। কেউ তা অস্বীকার করতে পারবেন না। আমাদের পেশা যেহেতু ঝলমলে, তাই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হয়। কিন্তু চলচ্চিত্রজগতের বাইরেও কত মহিলা এমন পরিস্থিতির মুখোমুখি হন! সব জায়গাতে এই সমস্যা রয়েছে। এখানে অবশ্য নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই।’

একই সাক্ষাৎকারে পরিচালক কৃষ্ণ বংশীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে রম্যা বলেন, ‘আমাদের বিয়ে এখনও টিকে রয়েছে। তবে আমরা দু’জন নিজেদের সুবিধা মতো আলাদা শহরে বেশ সুখেই থাকি।’

রম্যা কৃষ্ণনকে সর্বশেষ ‘জেলার ২’ সিনেমায় দেখা গেছে। সিনেমাটি ১৫ অক্টোবর মুক্তি পায়। এতে রজনীকান্তের বিপরীতে বিজয়লক্ষ্মী চরিত্রে অভিনয় করেছেন তিনি।

রম্যা কৃষ্ণন,শিকার,কাস্টিং কাউচ,পুরুষেরাও,নারীরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত