
বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মন্ত্রিসভার বৈঠকে এ কথা জানান।
ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুরু থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান। সর্বশেষ সেই অবস্থানেরই ধারাবাহিকতায় ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার ঘোষণা দেয় দেশটি।
প্রথমে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ম্যাচ বয়কটের কারণ জানায়নি। তবে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্পষ্ট করেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেহবাজ শরীফ বলেন, “আমরা টি-২০ বিশ্বকাপ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি যে, আমরা ভারতের বিরুদ্ধে খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি হওয়া উচিত নয়।”
তিনি আরও বলেন, “আমরা খুবই বিবেচনামূলক সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে থাকা উচিত। আমি মনে করি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট ছিল উপযুক্ত সিদ্ধান্ত।”
উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, তারা এ ম্যাচে অংশ নেবে না।
এ বিষয়ে আইসিসি পাকিস্তানকে সতর্ক করেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে পাকিস্তানকে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।
সূত্র: টিআরটি