ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে, নিশ্চিত করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে, নিশ্চিত করলেন ট্রাম্প

পারস্য উপসাগরে চলমান উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণা এমন সময় এল, যখন মার্কিন বাহিনী আরব সাগরে ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। তবে কোথায়, কীভাবে আলোচনা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, এ আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে। আলোচনা যে হচ্ছে, এটা নিশ্চিত। তারা কিছু একটা করতে চায়। এখন দেখা যাক, শেষ পর্যন্ত তা হয় কি না। তারা কিছুদিন আগেও একটি সুযোগ পেয়েছিল, কিন্তু তখন তা কাজে লাগায়নি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা গত বছর ইরানের বিরুদ্ধে ‘মিডনাইট হ্যামার’ অভিযান চালিয়েছিলাম। আমার মনে হয়, তারা এমন কিছুর মুখোমুখি আর হতে চায় না।

গত বছরের জুনে চালানো ওই অভিযানে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌবাহিনী যৌথভাবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে চাপ দিচ্ছেন। বিশেষ করে, ইরানের সরকারবিরোধী বিক্ষোভগুলো সহিংসভাবে দমন করার পর থেকে তিনি দেশটিতে হামলার হুমকিও দিয়েছেন। সাম্প্রতিক সময়ে, পারস্য উপসাগরে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী পাঠানো হয়, যা সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে।

তবে, আঞ্চলিক শক্তিধর দেশগুলোর উদ্যোগে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, তিনি তার পররাষ্ট্রমন্ত্রীকে উপযুক্ত পরিবেশ থাকলে এবং মর্যাদা, বিচক্ষণতা ও বাস্তবতার নীতি অনুসরণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনা এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ আলোচনা ইরানের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কাঠামোর মধ্য থেকে হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের প্রেসিডেন্টের এই ঘোষণার মধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, আত্মরক্ষার্থে ইউএসএস আব্রাহাম লিংকন রণতরী থেকে উড্ডয়ন করা একটি যুদ্ধবিমান ইরানের ড্রোন ভূপাতিত করেছে।

বিমানবাহী রণতরী ও তাতে থাকা নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স। তিনি বলেন, লিংকন থেকে উড্ডয়ন করা এফ-৩৫সি যুদ্ধবিমান ইরানের তৈরি শাহেদ-১৩৯ মডেলের ড্রোনটি ভূপাতিত করে। সে সময় রণতরীটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

টিম হকিন্স আরও বলেন, ড্রোনটি বিমানবাহী রণতরীর দিকে আগ্রাসীভাবে এগিয়ে আসছিল। আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত মার্কিন বাহিনী উত্তেজনা কমানোর নানা পদক্ষেপ নেওয়ার পরও ড্রোনটি জাহাজটির দিকে আসতে থাকে। সূত্র: আল-জাজিরা

পারস্য উপসাগর,উত্তেজনা,মার্কিন প্রেসিডেন্ট,ডোনাল্ড ট্রাম্প,ইরান,আলোচনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত