
ইরানে আরও কড়া হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানে আজ “খুব কঠোর হামলা হবে।”
শনিবার (৭ মার্চ) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে এই হুমকি দেন।
ট্রাম্প দাবি করেছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ‘আত্মসমর্পণ’ করেছে এবং ক্ষমা চেয়েছে, “আর তাদের ওপর হামলা করবে না” বলে প্রতিশ্রুতি দিয়েছে। তবে তিনি বলেন, এই প্রতিশ্রুতি “শুধুমাত্র মার্কিন ও ইসরায়েলি হামলার ধারাবাহিকতার কারণে দেওয়া হয়েছে।”
এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি প্রাক-রেকর্ড করা বার্তায় জানিয়েছিলেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব কাউন্সিল প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের অনুমোদন দিয়েছে—যদি না সেখান থেকে ইরানের ওপর হামলা শুরু হয়। তবে পরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যদি ইরানের ওপর হামলা চলতে থাকে, তবে সব মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি ও স্বার্থকে “প্রধান লক্ষ্য” হিসেবে গণ্য করা হবে।
ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন, আজ আরও হামলা চালানো হতে পারে। তিনি লিখেছেন, “ইরানের দুঃখজনক কর্মকাণ্ডের কারণে যেসব এলাকা ও মানুষ আগে লক্ষ্যবস্তুতে ছিল না, তারা এখন সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চয় মৃত্যুর জন্য বিবেচনার অধীনে রয়েছে।”
সূত্র: আল জাজিরা