
কক্সবাজার শহরের পল্লাইন্যা কাটা এলাকায় দাবি করা চাঁদা না দেওয়ায় গণেশ পাল (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন।
নিহত গণেশ পাল ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে।
নিহতের স্বজনদের বরাতে ওসি মো. ছমি উদ্দিন জানান, গণেশ নিজ বাড়ির ড্রেন নির্মাণের কাজ করছিলেন। এ সময় একই এলাকার মো. জিসান নামের এক সন্ত্রাসী ১ লাখ টাকা চাঁদা দাবি করে। গণেশ পাল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জিসানসহ অজ্ঞাতনামা আরও চারজন মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে তার পেটের বাম পাশে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুরুতর আহত অবস্থায় গণেশ পালকে তার পরিবার ও স্থানীয় লোকজন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান চালাচ্ছে।