
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরছিন্না গ্রামে ভুট্টা ক্ষেতের ভেতর থেকে যুবক হাফিজুর রহমানের (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার কুমারীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
কাজিপুর থানার ওসি শাহ এনায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অসহায় পরিবারের হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে চুল কাটার কাজ করতেন এবং মাঝেমধ্যে যমুনা নদীতে মাছ ধরে বিক্রি করতেন।
বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শুক্রবার দুপুরে ওই গ্রামের ভুট্টা ক্ষেতের ভেতরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি কীভাবে নিহত হয়েছেন সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে ঘটনাটির বিষয়ে বিশেষ তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি।