ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা হতে পারে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে: ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা হতে পারে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে: ট্রাম্প

পাকিস্তানের ইসলামাবাদে আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তিনি সম্ভাবনার কথা উল্লেখ করেন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া মন্তব্যে। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘সম্ভাবনা আছে।’

এদিকে ইসলামাবাদ সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, হরমুজ প্রণালীতে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে এখন পর্যন্ত তিনটি কার্গো জাহাজে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি জাহাজ আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বুধবার (২২ এপ্রিল) ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, আটক জাহাজ দুটি হলো এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোন্ডাস। এর মধ্যে প্রথমটি ইসরায়েলি মালিকানাধীন বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জাহাজ দুটি অনুমতি ছাড়া চলাচল, নিয়ম লঙ্ঘন, নেভিগেশন ব্যবস্থায় হস্তক্ষেপ এবং গোপনে প্রণালী ত্যাগের চেষ্টা করছিল, যা সামুদ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

আইআরজিসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালীতে এসব জাহাজ শনাক্ত করে থামানো হয় এবং তাদের কার্গো ও নথিপত্র যাচাইয়ের জন্য ইরানের জলসীমায় নেওয়া হয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীতে ইরানের আইন ভঙ্গের যেকোনো চেষ্টা বা নিরাপদ চলাচলে বাধা সৃষ্টিকারী কর্মকাণ্ড কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাম্প,ইরান-যুক্তরাষ্ট্র,৩৬ থেকে ৭২ ঘণ্টা,আলোচনা হতে পারে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত