
নীলফামারীর জলঢাকায় তরুণ প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক সভা করেছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।
বুধবার (২২ এপ্রিল) সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে ওসি নাজমুল আলম উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক, ধূমপান, বাল্যবিবাহ, ইভটিজিং এবং মোবাইল ফোনের অপব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, তাদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্ববোধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
এ সময় মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের নেতিবাচক দিক এবং ইভটিজিংয়ের ফলে একটি মেয়ের জীবনে নেমে আসা করুণ বাস্তবতার চিত্র তুলে ধরা হলে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
ওসি আরও বলেন, মাদক এখন আমাদের সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি। তোমাদের মাধ্যমেই আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে। তাই নিজেদের ভবিষ্যৎ গড়তে সঠিক পথে থাকতে হবে এবং সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড পরিহার করতে হবে।
উন্মুক্ত এই আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরীসহ ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরে। তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে পরিচালিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার দাবি জানিয়ে ওসির এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীমহল ও অভিভাবকরা।
এ বিষয়ে থানা অফিসার নাজমুল আলম বলেন, “তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে পরিচালিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।”