অনলাইন সংস্করণ
১২:০০, ২৮ এপ্রিল, ২০২৬
ইরানের দেওয়া যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা। হোয়াইট হাউস জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, সোমবার (২৭ এপ্রিল) সকালে প্রেসিডেন্ট তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে ইরানের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি জানান, যদিও বৈঠকটি তখনও চলমান ছিল কি না তা নিশ্চিত করেননি।
চলমান সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাব পাঠিয়েছে তেহরান।
তবে এর সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছে ইরান। তাদের মতে, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্কিত আলোচনা আপাতত স্থগিত রেখে ভবিষ্যতে এ বিষয়ে আলোচনা করতে হবে।
অন্যদিকে ট্রাম্প শুরু থেকেই স্পষ্ট করে জানিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। মুখপাত্র লেভিট বলেন, এ বিষয়ে প্রেসিডেন্টের চূড়ান্ত অবস্থান ইতোমধ্যেই পরিষ্কারভাবে জানানো হয়েছে।