
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় ‘হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ’-এর সহকারী অধ্যাপক (ইসলামিক স্টাডিজ বিভাগ) মুহাম্মদ মাহফুজুল হক উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে হোসেনপুর উপজেলা থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে কলেজ পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় হোসেনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ উপলক্ষে পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, ইউনিয়ন পর্যায় থেকে নির্বাচিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে গঠিত একটি কমিটি প্রত্যক্ষ সাক্ষাৎকারের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শ্রেষ্ঠদের মধ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নাম ঘোষণা করে।
একাডেমিক ফলাফল, শিক্ষকতার সময়কাল, প্রকাশনা, গবেষণা, প্রবন্ধ, শ্রেণি পাঠদানে পারদর্শিতা, শিখন-শেখানোর কৌশল, প্রশিক্ষণলব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ, যোগ্যতাভিত্তিক পাঠদান, প্রশ্ন প্রণয়ন ও অন্যান্য বিশেষ কৃতিত্বের ভিত্তিতে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মুহাম্মদ মাহফুজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। তিনি ২০১২ সালে প্রভাষক হিসেবে যোগদান করে হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন।
ইতোমধ্যে তিনি ২০২৪ সালের মার্চ মাসে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তার পিতা মরহুম এ কে মঞ্জুর আহমদ বাজিতপুর হাফেজ আ. রাজ্জাক মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তার ছোট ভাই আনোয়ার সাদাত নরসিংদীতে জেলা ও দায়রা জজ এবং কাওছার আহমদ ব্রি’র উপপরিচালক (প্রশাসন) পদে কর্মরত রয়েছেন।
বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে নেতৃত্ব প্রদানে তার বিশেষ অভিজ্ঞতা রয়েছে।
আশরাফ আহমেদ ছয় ভাইবোনের মধ্যে পঞ্চম। তার স্ত্রী নাজমা আক্তার গাজীপুরের ঐতিহ্যবাহী কাজী আজিমউদ্দিন কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত। তার বাড়ি কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের আগরপুর কোনাপাড়া গ্রামে।
শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ মাহফুজুল হক বলেন, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেল। এতে শিক্ষার্থীদের পাঠদানে আমার কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন, যাতে শিক্ষার গুণগত মান উন্নয়নে তার এ সাফল্য কাজে লাগিয়ে হোসেনপুরের মুখ উজ্জ্বল করতে পারেন এবং কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন।
হোসেনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ বলেন, উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মাহফুজুল হক। যারা বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাদের সবাইকে শুভকামনা ও অভিনন্দন জানান তিনি।