ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁদপুরে ‘জ্বীনে নিয়ে যাওয়া’ শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার

চাঁদপুরে ‘জ্বীনে নিয়ে যাওয়া’ শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে মাত্র ৪৫ দিন আগে পৃথিবীর আলো দেখেছিল শিশু ইমন মিজি। অবুঝ এ শিশু হামাগুড়ি দিতে শেখেনি, বসার বয়সও হয়নি। তারই মাঝে বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নজির হোসেন ও রহিমা বেগম দম্পতির সন্তান ইমন রোববার (২৬ এপ্রিল) রাতে মায়ের অগোচরে বিছানা থেকে উধাও হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তল্লাশি চালিয়ে বাড়ির পুকুর থেকে সোমবার তার মরদেহ উদ্ধার করেন।

মাত্র ৪৫ দিনের শিশুর এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। অনেকে বলছেন শিশুটিকে জ্বীনে মেরেছে। আবার কেউ কেউ বলছেন, সত্যিই কি জ্বীনে মেরেছে শিশুটিকে? নাকি অন্য কোনো কারণে ঘটেছে এ মৃত্যুর ঘটনা।

শিশুটির মা রহিমা বেগম জানান, রোববার দিনগত রাত ৩টার দিকে তিনি শিশুটিকে বিছানায় ঘুমন্ত অবস্থায় রেখে বাইরে টয়লেটে যান। ফিরে এসে দেখেন বিছানায় ইমন নেই।

বাবা নজির হোসেনকে জিজ্ঞেস করলে তিনি দাবি করেন, কালো বোরকা পরিহিত এক নারী বেশে জ্বীন এসে শিশুটিকে ঘর থেকে নিয়ে গেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

চাঁদপুর,জ্বীন,শিশু,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত