
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। দেশটির একটি বাস্তুচ্যুত বেসামরিক ক্যাম্পে গত মে মাস থেকে এখন পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাইরাসটির ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা করা হচ্ছে।
ক্যাম্প কর্মকর্তারা বলছেন, এ ধরনের মৃত্যুর হার নজিরবিহীন ঘটনা। মৃতদের শারীরিক উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে যে তারাও সংক্রমিত হয়েছিলেন।
কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল বুনিয়ার ‘কিগোঞ্জে’ ক্যাম্পে মৃত্যুর সঠিক জানা যায়নি। ক্যাম্পের মুখপাত্র এবং সহায়তা সংস্থা ‘ক্যারিতাস’ জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত মৃত ব্যক্তি বা রোগীদের স্বজনরা স্বাস্থ্য পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছেন।
ক্যাম্পের মুখপাত্র, এক মৃতের বাবা এবং তিনটি ত্রাণ সংস্থার সূত্র রয়টার্সকে জানিয়েছে, মারা যাওয়া সবার মাথা ব্যথা, জ্বর ও বমির উপসর্গ ছিল। এসব লক্ষণ ইবোলার সংক্রমণের সঙ্গে অনেকটাই মিল রয়েছে।
ক্যাম্পের মুখপাত্র ডিজায়ার গ্রোডিয়া বাপি বলেন, আগে হঠাৎ করে এভাবে এতো মানুষ মারা যেতে দেখা যায়নি।
উল্লেখ্য, ক্যাম্পে ১৫ হাজারের বেশি বাসিন্দা রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে থাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। কঙ্গোর পূর্বাঞ্চলে ৫০ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের মধ্যে এ ভাইরাস ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্যানিটেশন ব্যবস্থার চরম সংকট এবং স্বাস্থ্য পরীক্ষায় অনীহা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সূত্র: রয়টার্স
আবা/এসআর/২৬