অনলাইন সংস্করণ
১৮:৫০, ২৮ জুন, ২০২৬
সৌদি আরবে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী ১৪ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি 'সৌদি আরামকো'-র মালিকানাধীন হেলিকপ্টারটি রাস তানুরায় বিধ্বস্ত হয়।
আজ রোববার (২৮ জুন) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ ও আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর এতে থাকা ১৪ আরোহীর কেউই বেঁচে নেই। আরামকোর এই হেলিকপ্টারটি ঠিক কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। রাস তানুরায় আরামকোর বড় ধরনের তেল শোধনাগার ও টার্মিনাল রয়েছে, যেখানে হেলিকপ্টারটি যাতায়াত করছিল বলে ধারণা করা হচ্ছে।