
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দীর্ঘ ৯ ঘণ্টা ধরে চলা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধী জোটের একাধিক নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার পর তাদের আটক করা হয়।
পুলিশ তাদের একটি বাসে তুলে নিয়ে যায়। বিভিন্ন দৃশ্যে দেখা যায়, কংগ্রেস কর্মীরা পুলিশকে বাধা দেয়ার চেষ্টা করলেও পুলিশ সদস্যরা রাহুল ও প্রিয়াঙ্কাকে টেনে নিয়ে যাচ্ছেন। কংগ্রেস সূত্রের বরাতে এনডিটিভি জানায়, দুই ভাই-বোনসহ অন্য নেতাদের উত্তর দিল্লির কিংসওয়ে ক্যাম্প থানায় নেয়া হচ্ছিল।
আকাশবাণী ভবনের চত্বরে এই অবস্থান কর্মসূচি ছিল ইন্ডিয়া জোটের আয়োজিত প্রতিবাদের অংশ। জ্ঞানেশ কুমারের নেওয়া কথিত ‘একতরফা’ সিদ্ধান্ত এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে অনিয়মের অভিযোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক নেতা ও দলীয় কর্মী অংশ নেন।
মঙ্গলবার এটাই অবশ্য গান্ধী পরিবারের দুই ভাই-বোনের প্রথম আটক নয়। দুপুরের দিকে তাদের অল্প সময়ের জন্য একটি পুলিশ বাসে তোলা হয়েছিল। পরে তাদের বাস থেকে বেরিয়ে আসতে দেখা যায়।
আবা/এসআর/২৬