
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কলেজের গভর্নিং বডির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
গভর্নিং বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়।
অধ্যক্ষের দায়িত্ব পালনের জন্য কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গৌতম কুমার মল্লিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবিতে গত প্রায় পাঁচ দিন ধরে শিক্ষকরা কর্মবিরতি পালন করছিলেন। গভর্নিং বডির সিদ্ধান্তের পর শিক্ষকরা কর্মবিরতি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেন। ফলে আজ থেকে কলেজে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।
এতে দীর্ঘদিনের অচলাবস্থার পর কলেজে আবারও শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। নিয়মিত ক্লাস শুরু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। আনন্দ প্রকাশ করেছেন ছাত্রী ও অভিভাবকরাও।
কলেজের শিক্ষক, ছাত্রী ও সচেতন মহলের দাবি, শুধু সাময়িক অব্যাহতি নয়, অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে স্থায়ীভাবে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি কলেজের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার মান বজায় রাখতে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
তবে অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি গণমাধ্যমকে কোনো বক্তব্য দিতে রাজি হননি।