
হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির কমপক্ষে ১২ জন ক্রু আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনই ভারতীয় নাগরিক।
মঙ্গলবার (৬ অক্টোবর) ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে এ হামলার ঘটনা ঘটে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার শিকার জাহাজটির নাম এমটি অন পিস। জাহাজটিতে মোট ১৯ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ১৭ জন ভারতীয় নাগরিক।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার পর আহত নাবিকদের দ্রুত উদ্ধার করে ওমানের কর্তৃপক্ষ। বর্তমানের তাদের ওমানের খাসাব শহরে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আঞ্চলিক জলপথে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর একের পর এক হামলা গভীর উদ্বেগের বিষয়’।
মন্ত্রণালয় আরও বলেছে, ‘বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে।’ একই সঙ্গে আন্তর্জাতিক জলপথে নিরাপদ নৌচলাচল ও বাণিজ্য দ্রুত স্বাভাবিক করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছে নয়াদিল্লি।
এদিকে সর্বশেষ এমটি অন পিসে হামলার ঘটনায় কে বা কারা প্রজেক্টাইল ছুড়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা হয়নি। ভারতও হামলার জন্য কোনো পক্ষকে সরাসরি দায়ী করেনি।
সূত্র: রয়টার্স, এনডিটিভি
আবা/এসআর/২৬