
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। ঘটনার পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে ছুটে যেতে দেখা গেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দুই প্রত্যক্ষদর্শী ও ঘটনা সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে এ তথ্য জানানো হয়েছে। তাদের একজন জানান, বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণ ঘটতে দেখেছেন তিনি। পরে মেঝেতে একাধিক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তবে বিস্ফোরণের কারণ, হতাহতের সঠিক সংখ্যা এবং এর পেছনে কারা রয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সৌদি সরকারের মিডিয়া অফিস ও দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।
বিস্ফোরণের পর রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী ফ্লাইটগুলো বাতিল করা হয় অথবা অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়। একপর্যায়ে বিমানবন্দরের আকাশে কেবল একটি হেলিকপ্টার উড়তে দেখা যায়।
এ পরিস্থিতিতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে এবং বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে পরামর্শ দেয় কর্তৃপক্ষ।
কুয়েত এয়ারওয়েজ জানায়, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় সৌদি রাজধানীতে যাওয়া ও সেখান থেকে আসা ফ্লাইট বাতিল করা হয়েছে। ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজও রিয়াদ এবং তাদের নিজ নিজ কেন্দ্রীয় বিমানবন্দরের মধ্যে একাধিক ফ্লাইট বাতিল করে। কয়েকটি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত সোমবার (১২ অক্টোবর) পর্যন্ত কার্যকর থাকার কথা জানানো হয়।
আবা/এসআর/২৬