
বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দীর্ঘ বিরতির পর সম্প্রতি বাহরাইনে হামলা জোরদার করেছে দেশটি।
রোববার (১৫ নভেম্বর) এ হামলা চালানো হয়। তিন দিনের মধ্যে দেশটিতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে এটি ইরানের দ্বিতীয় হামলার চেষ্টা।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনের আল-রিফা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার স্থাপনাকে লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
তবে বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দেশটি।
এর আগে গত শুক্রবারও বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় দেশগুলোর ওপর এটিই ছিল ইরানের প্রথম হামলা।
এদিকে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তবে গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে।
ইরান দাবি করছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে থাকা উচিত। দেশটি বলছে, অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। অন্যদিকে উপসাগরীয় আরব দেশগুলো থেকে তেল রপ্তানি সচল রাখতে প্রণালিটি দিয়ে চলাচলকারী ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিচ্ছে মার্কিন সামরিক বাহিনী।
রোববার বাহরাইনের বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শুরু করলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানায়।
আবা/এসআর/২৬