
চাঁপাইনবাবগঞ্জের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাসুদ রানা নামে এক যুবককে ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ড প্রদান করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি আসামির উপস্থিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ জানুয়ারি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে নিয়ে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান দপ্তরি মাসুদ রানা। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করেন। উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাসুদ রানা দ্রুত পালিয়ে যান। এ ঘটনার ওই ছাত্রীর মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহেল রানা দীর্ঘ তদন্ত শেষে ওই বছরের ৩১ জুলাই মাসুদ রানাকে অভিযুক্ত করে
আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।