
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকার মোট ৩৯ টি করাতকল চালু রয়েছে। তার মধ্যে লাইসেন্স আছে মাত্র ৪টির, বাকি ৩৫টি করাতকলের লাইসেন্স নেই। দীর্ঘদিন ধরে অবৈধভাবে লাইসেন্স ছাড়াই চলছে এসব করাতকলগুলো। অপরদিকে বন বিভাগের আইন মোতাবেক বনভূমির ৫ কিলোমিটারের মধ্যে কোন করাত কল স্থাপন করা নিষিদ্ধ,অথচ উপজেলার সীমান্তবর্তী পাঁচগাও, বরুয়াকোনা, বরদল, বটতলা বাজারে বীরদর্পে চালু রয়েছে এই করাতকলগুলো। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব করাতকলের অধিকাংশই বন বিভাগ ও পরিবেশের বৈধ কোন সার্টিফিকেট নেই। এদিকে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিবর্গ কতিপয় বনবিট কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তাদের মাসিক মাসোয়ারায় এই অবৈধ করাত কলগুলো চালিয়ে যাচ্ছে।