ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

নতুন বছরে ইরানে আবার হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন বছরে ইরানে আবার হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন বছরের পরও যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা না হয়, তাহলে তিনি আবারও ইরানে সামরিক হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, ইরানের আলোচকরা একদিকে আলোচনা দীর্ঘায়িত করছেন, অন্যদিকে সংঘাত আরও বাড়িয়ে চলেছেন।

ট্রাম্প বলেন, ‘নির্বাচনের আগের সময়ের তুলনায় তারা এখন আরও বেশি আগ্রাসী।’ ইরানি কর্মকর্তাদের তিনি ‘পেশাদার কথার খেলাপি’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, ‘তারা সব সময় কথা বলে। তাদের কাজই শুধু কথা বলা, কিন্তু এসবের কোনো মূল্য নেই।’

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে চ্যালেঞ্জ জানাতে ইরানকে উস্কানিও দেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি আশা করি, তারা সেটা করবে। তাদের নৌবাহিনীর বাকি সদস্যদের মতো তারাও সমুদ্রের তলদেশে চলে যাবে।’ অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বন্ধ করতে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছে ইরান। তেহরানের বক্তব্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্র নিজের প্রতিরক্ষায় যে কোনো উপায় অবলম্বন করতে পারে। যুক্তরাষ্ট্রের অবরোধে দেশটির অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা জানিয়েছেন, যুদ্ধ অবসানের জন্য তেহরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না।

এদিকে তেহরানের শর্তগুলো মেনে নিলে দ্রুত হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সমঝোতা হলে দুই ঘণ্টার মধ্যে জলপথটি পুরোপুরি খুলে দেওয়া সম্ভব কিনা– এমন প্রশ্নের জবাবে বাঘাই বলেন, ইরান ‘খুব দ্রুত পদক্ষেপ নিতে পারে’।

তিনি বলেন, ইরান নিজের প্রতিশ্রুতি রক্ষায় অটল রয়েছে। অন্যপক্ষ সংশ্লিষ্ট শর্তগুলো মেনে চললে ইরান যত দ্রুত সম্ভব সেগুলো বাস্তবায়ন করবে।

একই সঙ্গে তিনি বলেন, তেহরান ‘নিজেদের লক্ষ্য এবং ইরানি জনগণের অধিকার সম্পর্কে সচেতন।’ এসব অধিকার রক্ষার অবস্থান থেকে ইরান সরে আসবে না।

আবা/এসআর/২৬

নতুন বছর,হামলা,ইঙ্গিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত