ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

জুলাই আন্দোলন-গ্রাফিতির বিরোধিতাকারীরা কখনো ফিরে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই আন্দোলন-গ্রাফিতির বিরোধিতাকারীরা কখনো ফিরে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরোধিতাকারী তারা আর কখনো ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এমনকি জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে অঙ্কিত গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ এর উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আপনাদের মনে কখনো সন্দেহ রাখবেন না যে, এই গ্রাফিতি থাকবে না। সামনে নির্বাচিত সরকার এলেও এই গ্রাফিতি না রাখার কারণ নেই।’

জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন পথের দিশা দিয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে তরুণরা সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে।

জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা ধরে রাখতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো পদ্মা সেতুর দুই প্রান্তে এই চিত্রকর্ম করার উদ্যোগ গ্রহণ করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, রেলপথ সচিব ফাহামিদুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে অঙ্কিত গ্রাফিতির মাধ্যমে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা বীরযোদ্ধা ও শহীদ হওয়া বীরদের আত্মত্যাগ ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাফিতিটিতে জায়গা পেয়েছে জুলাই আন্দোলনের বীরযোদ্ধা রিকশাচালক মোহাম্মদ সুজন, নারী শিক্ষার্থীদের বীরত্ব, রংপুরে শহীদ আবু সাঈদ ও গোলাম নাফিজ।

জুলাই আন্দোলন,গ্রাফিতি,স্বরাষ্ট্র উপদেষ্টা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত