
বগুড়ার আদমদীঘি উপজেলায় চলতি রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আরিফ চৌধুরীর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সজল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম। আরও প্রাণিসম্পদ অফিসার ডা. বেনজীর আহমেদ, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, থানার ওসি জামিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম জানান, কর্মসূচির মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ৫ হাজার ৩০০ জন কৃষককে সরিষা ও ১০০ জন কৃষকের মধ্যে মসুর আবাদের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং রবি মৌসুমে ফসলের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে সরকারের এ প্রণোদনা কর্মসূচি ক্রমেই বাস্তবায়ন করা হবে।