
বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। তাদের মধ্যে সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছরের এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্ত আসামির নাম সরোয়ার হোসেন। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো.এনামুল ইসলাম জানান, ২০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে পৃথক ধারায় দুই বছর ও সাবেক পূর্বাঞ্চল এসডব্লিউও গোলাম কিবরীয়াকে পৃথক ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরোয়ার হোসেন নামে এক আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় আদালতে গোলাম কিবরীয়া উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদে ১০৯ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।