
বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর তিনি নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। এতে বরিশাল সহ বরিশাল-১ নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ ব্যাপক উচ্ছ্বসিত।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন জহির উদ্দিন স্বপন। তিনি ১ লাখ ৫৫২ ভোট পেয়ে অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হন। এই বিজয় বরিশাল অঞ্চলে বিএনপির পুনরুত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।
বরিশালবাসী দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে তাঁর দায়িত্ব পালন আশা করছেন। বিএনপি চেয়ারম্যান বরিশাল-১ আসনের জনগণ তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
১৯৯৩ সালে বিএনপিতে যোগ দেন জহির উদ্দিন স্বপন। বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে। এরপর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন।
তিনি বিএনপির মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। এর আগে কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও সহকারী দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সংসদীয় রাজনীতিতেও জহির উদ্দিন স্বপনের অভিজ্ঞতা দীর্ঘ। সংসদ সদস্য থাকার সময়ে জাতীয় সংসদের বিভিন্ন স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। সরকারি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এসব কমিটিতে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।
আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সক্রিয়। দুবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন। মানবাধিকার, আইনের শাসন, গণতন্ত্র ও মানব নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা বিশ্বব্যাপী আইনপ্রণেতাদের নির্দলীয় নেটওয়ার্ক ‘পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন (পিজিএ)’-এর এশিয়া অঞ্চলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক যুব ও ছাত্র সংগঠনের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর জহির উদ্দিন স্বপনের মূল দক্ষতার মধ্যে রয়েছে রাজনৈতিক কৌশল প্রণয়ন, নীতি বিশ্লেষণ, আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা।
মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় জহির উদ্দিন স্বপন বলেন, “বরিশালবাসীর দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে দায়িত্ব পালন করব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এলাকার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।”