অনলাইন সংস্করণ
১১:২৫, ১৭ এপ্রিল, ২০২৬
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ বছর হজের প্রথম ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
প্রথম দিনের সূচি অনুযায়ী মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ৬টি, সৌদি আরবের সাউদিয়া ৪টি এবং ফ্লাইনাস ৪টি ফ্লাইট পরিচালনা করবে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন যাত্রা করবেন।
দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অবশিষ্ট যাত্রীদের মধ্যে সাউদিয়া বহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ।
আগামী ২১ মে পর্যন্ত প্রি-হজ ফ্লাইট চলবে। এ সময়ে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই পর্যন্ত চলবে।