অনলাইন সংস্করণ
১৬:১১, ২৯ এপ্রিল, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি বেড়েছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, বর্তমান বৃষ্টিপাতের প্রবণতা আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে।
সতর্কতা হিসেবে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, এই সময়ে দেশের সব বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রপাত, দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।