অনলাইন সংস্করণ
১৯:০৮, ৩০ এপ্রিল, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, চলমান হাম পরিস্থিতি আগামী মে মাসের মধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এজন্য দেশের সব শিশুকে দ্রুত টিকার আওতায় আনার কার্যক্রম জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট যক্ষ্মা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই শতভাগ শিশুকে হাম প্রতিরোধী টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৬১ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে এবং কিছু এলাকায় শতভাগ কভারেজ অর্জিত হয়েছে। প্রথম ধাপে টিকাদান কার্যক্রম শুরু করা ৩০টি উপজেলায় বর্তমানে কোনো রোগী নেই।
তিনি আরও বলেন, টিকা হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের অপেক্ষা না করে দ্রুত কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ৫ মে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরুর কথা থাকলেও তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকেই শুরু করা হয়েছে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘ ছয় বছর শিশুদের হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়নি। সেই ঘাটতি পূরণে জরুরি ভিত্তিতে কার্যক্রম শুরু করা হয়েছে। ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয় মাঠে তাঁবু স্থাপন শুরু হবে। তিনি বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা যেন না বাড়ে, সেটিই মূল লক্ষ্য। চিকিৎসার পাশাপাশি প্রতিরোধকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।