অনলাইন সংস্করণ
১০:৪১, ১৩ মে, ২০২৬
মঙ্গলবার একদিন বৃষ্টি না হওয়ায় রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ বুধবার ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।
শুধু ঢাকায় নয়, দেশের আরও ৮টি অঞ্চলে আজ কালবৈশাখী বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।